ক্রিয়েটিভিটি
রূপালী মুখোপাধ্যায়
বনি শশব্দের একটা গল্প লেখা শেষ করে খুব উত্তেজিত হয়ে মাকে ডাকলো , মা , ও মা তোমার রান্না শেষ হলো ? একবার এ ঘরে আসবে ? মা শুনতেই পেলো না । মায়ের মন ব্যস্ত রান্না আর এই পরিস্থিতির দুশ্চিন্তায় ।
ও মা শুনতে পাচ্ছো না ? মা ---। বনি নিজেই রান্না ঘরে গিয়ে মাকে জড়িয়ে ধরে বল্লো , মা গল্পটা শেষ করেই ফেললাম। শুনবে , মা শুনবে ?
দূর , আমার এসব ভালো লাগছে না । ছাড় , আমাকে ছাড় ।
মা , কেন তুমি এতো চিন্তা করছো মা ? আমাদের কারুর হাতে তো কিছু নেই । চিন্তা কি এমনি এমনি করছি ? কাল থেকে দাদার ফোন পাইনি , তোর বাবার যদি টানটা বাড়ে , কোথায় নিয়ে যাবো ? কিভাবে নিয়ে যাবো ? অত ভেবে কি হবে মা ? বাবা তো এখন ভালো আছে আর তোমাকে বলতে ভুলে গেছি , দাদার সঙ্গে আমার হোয়াটসএপে কথা হয়েছে , ভালো আছে । তোমাকে চিন্তা করতে বারণ করেছে ।
মা তুমি শুনছো না ? সব সময় ডাক্তারবাবুরা বলছেন , "ঘরে থেকে যার যা সৃষ্টিশীল প্রতিভা আছে কাজে লাগান "। সবাই দেখছো না কবিতা লিখছে , কবিতা পড়ছে , গল্প, ছড়া লিখছে , ছবি আঁকছে । ভালো মন্দ , ঠিক বেঠিক ভাবার সময় এটা নয় মা । ভালো লাগার মতো কিছু করে সময় কাটানোই হচ্ছে মুখ্য উদ্দেশ্য । আমিই পারি গল্প লিখতে , একটু ভালো লাগা মা ।
মা , ও মা , তুমি তো আগে গান গাইতে , আজ সন্ধেবেলায় একটা গাইবে ? তাহলে আমি ফোনে রেকর্ড করে পোষ্ট করে দেবো , দেখবে মামা , মাসিরা অবাক হয়ে যাবে আর খুশিও হবে । এটাই কম কি মা ?
এমন সময় পাশের বাড়ি থেকে তুমুল চিৎকার শোনা গেল , প্রায়ই শোনা যায় তবে আজকে অতিরিক্ত । গোপাল জেঠুর কিছু হলো নাকি মা ? জেঠিমার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে । কি হলো মা ? ওই দ্যাখো জেঠিমা বলছে "তুমি ছেড়ে দিলে আমি কোথায় যাবো "?
আমার খুব চিন্তা হচ্ছে রে বনি । যাওয়াও তো যাবে না । কি যে রোগ এলো বাবা , পাশাপাশি কিছু হলে কেউ কারুর খবর নিতে যাবে না ! ! এভাবে কি বাঁচা যায় ?
মা জেঠুকে একটা ফোন করবো ? দ্যাখ তো ধরে কি বলে।
দেখছি দেখছি , চিন্তা করো না ।
এই তো রিং হচ্ছে , হ্যালো , হ্যালো , জেঠিমা ? শুনতে পাচ্ছেন ? কে বনি ? হ্যাঁ হ্যাঁ , কি হলো আপনাদের ? এতো চিৎকার শোনা যাচ্ছে । মা তো খুব চিন্তা করছে ।
আর বলিস না, তোর জেঠু বলল , ডাক্তাররা বলেছেন যে যা ভালবাসে তাই করতে । তাই আমরা প্রতিদিনের মতো তোর জেঠুর সঙ্গে একটু কথা কাটাকাটি করছিলাম , তবে হ্যাঁ আজ একটু বেশীই হয়ে গেছে নারে ? যাক তোরা সব ভালো আছিস তো ? ঠিক আছে রাখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন