বর্ণালোক দ্বিমাসিক পত্রিকা

বর্ণালোক দ্বিমাসিক পত্রিকা

রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

মনীষা কর বাগচী

 

                                 ভালো থেকো

                                  মনীষা কর বাগচী

 

দেখতে দেখতে সময় চলে গেল ভাঁটার টানের মত। সময় তো চলে যায় কিন্তু স্মৃতিগুলো জোয়ারের জলের মত ফিরে ফিরে আসে। কিছু কিছু স্মৃতি ধূসর হয় না কোনোদিন‌ও। ম্যাপল পাতার মতো ঝরে গিয়েও রঙিন থাকে। মাটিতে অবহেলায় পড়ে থেকেও মানুষকে মুগ্ধ করে।

--হুমমমম। ঠিকই বলেছ। কেমন আছো তুমি মিষ্টি?

--যেমন থাকা যায় তোমাকে ছেড়ে তেমন আছি। ফুলের সুবাসকে ছেড়ে ফুল যেমন ভালো থাকে।

--আবার ওই সব কথা কেন? যে সময় গেছে চলে তাকে যেতে দাও না।

--সে আমি পারবো না নীল। সেই তো আমার বেঁচে থাকা। সে সুখের হোক আর দুঃখের হোক তাকে নিয়েই আমার পথ চলা। আমার একলা বেলার একমাত্র সাথী। 

-- আচ্ছা এখন কী করছ তুমি?

--ভাবছি। অনেক দিন আগের একটি কথা মনে পড়ে গেল। তুমি আমার চোখের সামনে। আনমনে গাইছ আমার প্রিয় গান "মনে রবে কিনা রবে আমারে"ইচ্ছে করছিল এক দৌড়ে গিয়ে তোমাকে জড়িয়ে ধরি। তীব্র আলিঙ্গনে শীতল করে দিই তোমার আগুনরঙা যন্ত্রণাগুলিকে। কিন্তু কিছুই পারিনি। পারা যায় না। তোমাকে কোন দিন বলতেও পারিনি যত দিন এ দেহে ব‌ইবে অক্সিজেনের ধারা তত দিন‌ই মনে রবে তুমি। শুধু তুমি। তোমাকে আলিঙ্গন করা তো দূরের কথা তোমার দিকে তাকানোর‌ও অধিকার ছিল না আমার। তোমার সহধর্মিণী চায় না তাই। একটা সত্যি কথা বলব? যাকে তুমি এতো ভালোবাসো, যার জন্য তুমি আমার সঙ্গে একটু কথা বলতেও সাহস পাও না। সে তোমাকে কোন দিন ভালোবাসেনি। এক্টুয়ালি সে ভালোবাসতে জানে না। ভালোবাসা বিশ্বাস করতে শেখায়। সে যদি তোমাকে ভালোবাসতো তোমাকে অবিশ্বাস করত না। আমাকে ভয় পেত না। সত্যিকারের প্রেম ত্যাগ করতে শেখায় ছিনিয়ে নেওয়া নয়।  আমি যাকে ভালোবাসি তার ক্ষতি করতে পারিনা এতটুকুও। তার সুখের ঘরে আমি কি আগুন ধরাতে পারি ? সে যদি ভালোবাসতে জানতো তবে বুঝতো। থাক সে সব কথা। জীবন তো কেটেই গেল। জানি না তোমার সঙ্গে আর দেখা হবে কিনা। তবে যদি কোন দিন দেখা হয়েই যায় সেই অমলিন হাসি যেন দেখতে পাই তোমার মুখে। "তোমারই মুখের চকিত সুখের হাসি দেখিতে যে চাই"

-- কেন দেখা হবে না? আরও অনেক বার দেখা হবে। আর কেউ আমাকে না বুঝলেও তুমি তো বোঝো। আমার প্রতিটি অণুপরমাণুর সাথে মিশে আছো তুমি। হৃদয়ের প্রত্যেকটি কোণে গড়েছি তোমার ইমারত। তোমাকে একটু দেখার কী ভীষণ আকুলতা সে যদি তুমি জানতে !

-- জানি। তবে আমি তোমার সুখের সাগরে উথালপাথাল ঢেউ হতে চাই না। ভালো থেকো তোমার ভালোবাসার সাথে।  শিশির ভেজা ঘাসের মতো ভালো থেকো।

 

                                            সমাপ্ত


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন